সিশেলস এবং ফিলিস্তিন প্রথম মুখোমুখি ঢাকায়

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রথম সেমিফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের প্রথম দিনে ফিলিস্তিন ২-০ গোলে বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় দিনে ২-০ গোলে শ্রীলঙ্কাকে হারায়। এরপর পুরো চার দিন বিশ্রাম পেয়েছে ফিলিস্তিন ফুটবল দল। চার দিন বিশ্রাম কম নয়। ফিলিস্তিন আজ প্রথম সেমিফাইনালে খেলবে সিশেলসের বিপক্ষে। ফিলিস্তিন (১০৬) ফুটবল দল সিশেলসের (২০০) চেয়ে অনেক শক্তিশালী। প্রায় ১০০ ভাগ পার্থক্য। চিত্রটা সহজে বোঝা গেলেও ফিলিস্তিন কোচ মাকরাম দাবোভ বলেছেন, একটা কোনো ব্যাপার নয়। কেউ যদি সেমিফাইনাল পর্যন্ত আসতে পারে তুমি তাকে ছোটো করে দেখতে পারো না। খেলাটা ৯০ মিনিটের। অনেক কিছুই ঘটতে পারে।’

বাফুফেতে দুপুরে সংবাদ সম্মেলনে সিশেলস কোচ রালফ সিন লুইস বলে গেলেন তারা ক্লান্ত। তিন দিনে দুই ম্যাচ খেলে খেলোয়াড়দের মধ্যে একটা অবসাদ এসে গেছে। ক্লান্তি না কাটিয়ে কীভাবে খেলবে সেটা দলের দুশ্চিন্তা হলেও সামনে যখন বিপদ এসে দাঁড়ায় তখন সেটাকে ঠেকাতে হয়। আমাদের সামনে মরণ এসে দাঁড়াচ্ছে। আমরা বাঁচব না হয় মরব। কোচ বললেন, ‘কঠিন হয়ে যাচ্ছে সেমিফাইনাল ম্যাচ।’ আর ফিলিস্তিন কোচ মাকরাম দাবোভ হাসতে হাসতে বললেন, ‘বুকে জাতীয়তা বোধ আর চোখে জয়ের নেশা যার থাকে, তাদের কাছে ক্লান্তি কোনো ব্যাপার নয়। সেমিফাইনালে দেখবেন ঠিকই ওরা চিতা বাঘের মতোই লড়াই করছে।’

ঢাকার মাঠে এই দুই দলের জন্য একটা ইতিহাস হতে যাচ্ছে আজ। শুধু ঢাকার মাঠেই নয় ফিলিস্তিন এবং সিশেলস তাদের ফুটবল ইতিহাসে এবারই প্রথম মুখোমুখি হবে। আর কোথাও এই দুই দল মুখোমুখি হয়নি বলে জানিয়েছেন দুই দলের কোচ কর্মকর্তারা। ফিলিস্তিন কোচ ইংরেজি বলতে পারেন না বুঝতে পারেন। জবাব দেন আরবি ভাষায়। বলছিলেন তারা আফ্রিকান দলে বিপক্ষে আগে খেলেছেন কিন্তু সেটি তানজানিয়া, সুদান, লিবিয়া এবং মরক্কোর বিপক্ষে। আফ্রিকান দেশ সিশেলসের বিপক্ষে প্রথম খেলবেন। অধিনায়ক আবু ওয়ারদা বললেন, ‘দুই বছর আগে আমি আলজেরিয়ার বিপক্ষে খেলেছিলাম। গোলও করেছিলাম। কিন্তু ছিল অলিম্পিক ফুটবল দল। জাতীয় দল নয়।’ 

সিশেলস ফুটবল কোচ রালফ বললেন,‘আমরা ফাইনালে উঠলে এটা হবে ইতিহাস। আমাদের দেশের মানুষ তাকিয়ে আছে এই ম্যাচটার দিকে। আশাকরি একটা ভালো কিছু করতে পারবো।’ তিনি জানিয়েছেন ইন্ডিয়ান ওশান আইল্যান্ডে টুর্নামেন্ট হয়েছিল ৬ দল নিয়ে ২০১১ সালে। আমরা ট্রফি জয় করেছিলাম। এরপর আর ট্রফি পাইনি। আমি এবার নিয়ে তৃতীয়বার কোচ হয়ে কাজ করছি। কখনো ফিলিস্তিনের বিপক্ষে খেলেনি।

তরুণ ফুটবলার অধিনায়ক ওয়ারেন মিল্লি বললেন, ‘আমি কখনো ফিলিস্তিনের বিপক্ষে খেলিনি। অনেক দেশের বিপক্ষে খেলেছি। এটা আমার জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে।’

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ৬ দেশের মধ্যে আফ্রিকা এবং এশিয়ার ফুটবলের লড়াই হচ্ছে। এক গ্রুপে ছিল এশিয়ান তিন দল আরেক গ্রুপে ছিল আফ্রিকান দল। সেমিফাইনালে এসে এশিয়া আফ্রিকার লড়াই হচ্ছে। ফিলিস্তিন যেমন আফ্রিকান দল সিশেলসের বিপক্ষে খেলছে তেমনি বাংলাদেশ খেলছে বুরুন্ডির বিপক্ষে।

আজ প্রথম সেমিফাইনাল:

ফিলিস্তিন ও সিসেলশ। ৫টা বঙ্গবন্ধু স্টেডিয়ামে।