নিরাপত্তা নয়, খেলার কথাই ভাবছেন ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে সবচেয়ে আলোচনা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। দেশটির নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা নেই ক্রিকেট দুনিয়ার। এই কারণে অনেক দেশই পাকিস্তান সফরে যাচ্ছে না। যদিও শেষ অবধি পাকিস্তানের নিরাপত্তা পরিকল্পনা সন্তুষ্ট হয়েই বাংলাদেশ দলকে পাঠাচ্ছে বিসিবি। আবার নিরাপত্তা ঝুঁকির কারণে ভীত, শঙ্কিত হয়েই পাকিস্তান সফরে যাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম।

গতকাল বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য জানিয়েছেন, নিরাপত্তার ভয় নিয়ে আর আলোচনা করছে না দল। ক্রিকেটারদের ভাবনায় এখন শুধুই ২২ গজের লড়াই। আজ রাত ৮টার ফ্লাইটে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে দেশ ছাড়বে মাহমুদউল্লাহর দল।

পাকিস্তানে টাইগাররা পাবে সর্বোচ্চ নিরাপত্তা। বাংলাদেশ দলের জন্য নিরাপত্তায় থাকবে হাজারো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এমন কঠোর নিরাপত্তা বলয়ের মাঝে থেকে ক্রিকেট খেলাটা কঠিন হবে কি না জানতে চাইলে গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই মুহূর্তে আমি একটা কথা বলতে পারি। দলের অন্য মেম্বাররা এই ব্যাপারে চিন্তিত নয়। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আমরা শুধু খেলার কথাই চিন্তা করছি। কীভাবে ওখানে গিয়ে ভালো পারফর্ম করতে পারব এবং জিততে পারব—এটা নিয়ে আমরা চিন্তিত।’ বর্তমান বাংলাদেশ টি-২০ দলে পাকিস্তানে খেলার অভিজ্ঞতা আছে শুধু মাহমুদউল্লাহ ও তামিম ইকবালের। দেশটির কন্ডিশন সম্পর্কে ধারণা আছে বাংলাদেশ অধিনায়কের। উইকেট ব্যাটিং সহায়ক হতে পারে, তাই তিন ম্যাচের সিরিজে ব্যাটসম্যানদের দায়িত্ব বেশি দেখছেন তিনি।

গতকাল পাকিস্তানের কন্ডিশন নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘যেহেতু আমরা পাকিস্তানে খেলছি, এর আগেও বেশ কয়েক জন ক্রিকেটার পাকিস্তানে খেলেছে। যেহেতু উপমহাদেশ, তাই আমরা জানি এবং আমার কিছুটা হলেও ধারণা আছে সেখানকার উইকেট কেমন হতে পারে সেই ব্যাপারে। পাকিস্তানের উইকেট খুব বেশি কঠিন ব্যাটসম্যানদের জন্য। আমরা আশা করি ব্যাটসম্যানদের ভালো উইকেট পাব। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের দায়িত্বটি বেশি থাকবে বলে আমি মনে করি বড়ো স্কোর গড়তে।’