আড়াইহাজারে ড্রাইভিং লাইসেন্স পেল ৫ শতাধিক চালক

আড়াইহাজারে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পেল ৫ শতাধিক চালক। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার শহীদ মুঞ্জুর স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আড়াইহাজার পৌরসভার সহযোগিতায় শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান কার্যক্রম ও সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।    

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু । বিশেষ অতিথি ছিলেন মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেন প্রমুখ। সভায় আড়াইহাজার পৌরসভা এলাকার ৫ শতাধিক চালককে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়।

এরপর আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক আলোচনা সভা ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ এবং বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ শীর্ষক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঐ অনুষ্ঠানে ৩ হাজার কিশোরীকে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়। জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। পরে ৩০ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন জিনিসপত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন জানান, আড়াইহাজার ও সাতগ্রাম ইউনিয়নে এই কার্যক্রম শেষ হয়েছে। পর্যায়ক্রমে পুরো উপজেলার ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হবে।

এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন , মাদক ও জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।