গতকাল মঙ্গলবার মিরপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। অপরদিকে ঢাকা দক্ষিণের মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ডেমরা স্টাফ কোয়ার্টার হোসেন মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় ইশরাকের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আল নোমান প্রমুখ। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। আজকে ডেমরাবাসী ধানের শীষের সমর্থনে ইশরাক হোসেনের জন্য যে গণজোয়ার সৃষ্টি করেছেন এ জন্য আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এই পথসভার মাধ্যমে আজকে প্রমাণিত হয় পুরো ঢাকার শহরে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’ তিনি আরো বলেন, এই ধানের শীষ জিয়াউর রহমানের মার্কা, বেগম খালেদা জিয়ার মার্কা, এই মার্কা তারেক রহমানের ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশ আজকে যে অন্যায়-অত্যাচার, নির্যাতন অপশাসন ও স্বৈরশাসন চলছে তার হাত থেকে রক্ষা করতে হলে ঢাকাবাসীকে শপথ নিতে হবে। এর জন্য আপনাদের কাছে আগামী ১ তারিখের নির্বাচন একটি বড়ো সুযোগ। বেগম খালেদা জিয়াকে মুক্ত ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
আঘাত করে আমাকে পিছু হটানো যাবে না : তাবিথ
মিরপুরের গাবতলীতে প্রচারণার সময় হামলার শিকার হওয়ার ঘটনা উল্লেখ করে তাবিথ আউয়াল বলেন, প্রচারণায় হামলা আর শরীরে আঘাত করে নির্বাচনি মাঠ থেকে আমাদের সরাতে পারবে না। তারা আমাদেরকে মাঠ থেকে সরাতে প্রচারণায় হামলা চালাচ্ছে। আমাকে টার্গেট করে এই হামলা করেছে তারা। আঘাত করে আমাকে পিছু হটানো যাবে না। আমরা শান্তি বজায় রেখে প্রচারণা অব্যাহত রাখব। তিনি বলেন, ভোটাররা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। ইভিএমে ভোট নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তারা।
তাবিথ বলেন, আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে ভোটাররা ভয়ের মধ্যে থাকবে। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। ভোটাররা যাতে ভয়-ভীতি ছাড়া নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। তাবিথ বলেন, ইসি নির্বাচনের তারিখ নিয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। এখন তারিখ নিয়ে সমাধানে আসতে পেরেছে। আমরা আশা করব, ইসি ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ তৈরি করবে। ‘আমরা ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি’—উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, ভোটাররা ভোট দিতে পারলে বিজয় নিশ্চিত। তাবিথের সঙ্গে ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।