সাভারে আশুলিয়ায় ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এ সময় অবৈধ গ্যাস সংযোগ প্রদানের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও স্থানীয় পূর্বা এ্যাপারেলস নামে একটি কারখানাকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঘোষবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে তিতাস কর্তৃপক্ষ।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কাশেম আলীর ছেলে মানিক আলী (৪০) ও বেল্লাল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৪)।
সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাত মো. সায়েম জানান, ঘোষবাগ এলাকায় তিতাসের মূল গ্যাস সঞ্চালন পাইপ থেকে অবৈধ সংযোগ প্রদানের গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় সংযোগ প্রদানকালে মানিক ও ফিরোজ নামে দুই জনকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাবি ইবনে সাজ্জাদ তাদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন।