টঙ্গীতে বিক্ষোভ অগ্নিসংযোগে

জাতীয় পার্টিকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের

গাজীপুর-২ আসনের প্রয়াত সংসদ সদস্য শহিদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির (জাপা) যুগ্ম-মহাসচিব পদ দেওয়ার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ করেছে শিল্পনগরী টঙ্গীতে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে টঙ্গী সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের কর্মসূচিতে কলেজগেট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগ। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নুরুল ইসলাম দিপু ও জাপা চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ করে।

বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ শেষে কলেজগেট এলাকায় এক প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রায় ঘণ্টা খানেক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মন্জুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা।

সভায় টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মন্জুর হুঁশিয়ারি দিয়ে বলেন, টঙ্গীতে জাতীয় পার্টির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো। জাতীয় পার্টির কোনো সভা-সমাবেশ টঙ্গীর মাটিতে হতে দেব না।