রাজধানীর পূর্ব রামপুরায় কমল (৩৫) নামের এক মাদকাসক্ত যুবকের বাসায় গিয়ে এক যুবতি আত্মহত্যা করেছেন। ঐ যুবতির নাম জয়নব (২৫)। গতকাল মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কমলের বড়ো বোন মোসাম্মত্ নয়ন সাংবাদিকদের জানান, দুই ভাই দুই বোনের মধ্যে কমল সবার ছোটো। পূর্ব রামপুরার অষ্টম তলার চতুর্থ তলার একটি ফ্ল্যাটে তারা বাবা-মাসহ থাকেন। কমল কয়েক বছর আগে বিয়ে করে এবং ঐ সংসারে এক কন্যা সন্তানও রয়েছে। কমল মাদকাসক্ত হওয়ায় বছরখানেক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
এদিকে গতকাল দুপুরে কমল জয়নব নামে একটি মেয়েকে তাদের বাসায় নিয়ে আসে। সে সময় বাসায় শুধু তার বৃদ্ধ মা ছিল। তাদের দুই জনের মধ্যে তর্কাতর্কি ও ঝগড়ার একপর্যায়ে কমল রাগ করে বেরিয়ে যায়। এরপর মেয়েটি কমলের রুমে ঢুকে দরজা বন্ধ করে ছিটকানি লাগিয়ে দেয়। তখন বৃদ্ধ মা তাকে ডাকাডাকি ও বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এর মধ্যে সে বাজার থেকে বাসায় ফিরে এসব শুনে আরেক জনের সহযোগিতায় দরজা খোলে। তখন তারা দেখতে পান ঐ মেয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, জয়নবের সঙ্গে তাদের পরিবারের কোনো পরিচয় ছিল না। তারা তাকে আগে কখনই দেখেননি। গতকালই জয়নব তাদের বাসায় আসে। এমনকি তাদের মধ্যে কি সম্পর্ক ছিল তাও জানতে পারেননি।