বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। বিচারিক আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় আবেদনটি ফেরত নেওয়ার আবেদন জানান তার আইনজীবী। এরপরই আদালত উপরোক্ত আদেশ দেয়।
এদিকে এই হত্যা মামলার বিচারে আদালত পরিবর্তন চেয়ে আবেদন করবেন মিন্নি। গতকাল ইত্তেফাককে এ তথ্য জানান তার আইনজীবী জেড আই খান পান্না। তিনি বলেন, প্রতিদিন তিন/চার জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করছে আদালত। এভাবে চলতে থাকলে আমরা ন্যায় বিচার পাব না। এজন্য দ্রুতই আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করা হবে।
রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মিন্নিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। ঐ অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।