চকবাজারে বিদ্যুত্স্পৃষ্টে কারখানার মালিক নিহত

চকবাজারের ইসলামবাগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক কারখানার মালিক নিহত হয়েছেন। তার নাম নাসির মিয়া (২৭)। গতকাল মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই হূদয় জানান, নাসিরসহ তারা পরিবার নিয়ে চকবাজার পূর্ব ইসলামবাগে থাকেন। তার বড়ো ভাই নাসির উদ্দিন ইসলামবাগ চুনাওয়ালা ঘাটে একটি কারখানার মালিক। মাঝে মধ্যে রাতেও কারখানায় থাকতেন। গত সোমবার রাতেও তাকে ফোন দেন হূদয়। তখন তিনি হূদয়কে জানিয়েছিলেন রাতে কারখানায় থাকবেন, সকালে বাসায় ফিরবেন। সকালে অনেক সময় পার হলেও তিনি বাসায় না ফেরায় হূদয় কারখানায় গিয়ে দেখেন নাসির ফ্লোরে উপুড় হয়ে পড়ে আছেন। তার শরীরে বিদ্যুত্স্পৃষ্টের চিহ্ন। পরে হূদয় নাসিরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। হূদয় আরো জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। তাদের বাবার নাম আব্দুর রব। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।