‘সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের আহ্বান’

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাকে খাতওয়ারি বিষয় হিসেবে চিন্তা না করে কৌশলগত এজেন্ডা হিসেবে বিবেচনা করা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে এর উপকার সবার কাছে পৌঁছে দিতে আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। গতকাল মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘ইউনিভার্সাল হেলথ কাভারেজ ফর অল : কিপ দ্য প্রমিজ’ শীর্ষক আলোচনায় বক্তারা একথা বলেন। ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে যেন সবাই উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারে সেটি নিশ্চিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. নুরুন নাহার বেগম।

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে জাতীয় পর্যায়ে সমন্বয় তৈরিতে সরকারের আরো উদ্যোগী হবার আহ্বান জানান কমিউনিটি হেলথ ক্লিনিক সাপোর্ট ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ড. ইউনুস আলী প্রামাণিক।

ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, টেকনোলজি অ্যান্ড পার্টনারশিপ স্ট্রেংদেনিং বিভাগের পরিচালক কেএএম মোর্শেদ বলেন, স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি উদ্যোগকে আরো কার্যকর করতে নিজেদের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধিতে নজর দেওয়ার এখনই সময়।

গোলটেবিলে ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সহযোগী পরিচালক ড. মোরশেদা চৌধুরী স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জগুলো তুলে ধরে এই পরিস্থিতির উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের সরকারি-বেসরকারি, অলাভজনক, দাতা, গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৮ জন প্রতিনিধি অংশ নেন।- প্রেস বিজ্ঞপ্তি