ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বিমানটিতে দু’টি মিসাইল হামলার কথা নিশ্চিত করেছে ইরান। সোমবার এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে ইরানের বিখ্যাত ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন বয়কট করেছেন শিল্পীরা। ইউক্রেনের বিমানটিতে ১৭৬ জন যাত্রী ও ক্রু ছিলেন। গত ৮ জানুয়ারি মিসাইল হামলায় সবাই মারা যান। ঘটনা নিয়ে এই প্রথম কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান। ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্ত কমিটি মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্ত রিপোর্টে দেখা গেছে, পিএস৭৫২ ফ্লাইটটিতে দু’টি টর-এম১ মিসাইল আঘাত হেনেছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, মিসাইল আঘাত করা ও এরপর বিমান কেমন করে দুর্ঘটনায় পড়ল, তার বিস্তারিত নিয়ে এখনো তদন্ত চলছে। এছাড়া কারা এই হামলা করেছে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। —ডয়চেভেলে