বরগুনার তালতলীতে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংরক্ষিত ম্যানগ্রোভ বন থেকে কেওরা গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে বন বিভাগ কেটে ফেলা গাছগুলো জব্দ করে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ সদাগার পাড়া এলাকার ওয়াপদা সড়কে পাশ থেকে বন বিভাগ গাছগুলো জব্দ করেন।
অভিযুক্তের নাম মো, কারাম মীর। তিনি তলতলী উপজেলার বড় বগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় বন বিভাগের সূত্রে জানা যায়, কালাম মীর কোনো অনুমতি ছাড়াই সরকারি সংরক্ষিত ম্যানগ্রোভ বনের গাছগুলো কেটে নিচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে বন বিভাগ কেটে ফেলা ২২ পিস কেওরা গাছ উদ্ধার করে। বন বিভাগ জানিয়েছে, বনের ভেতরে এখনও অনেক কাটা গাছ রয়েছে।
এ বিষয় নিশানবাড়ীয়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, স্থানীয় ওই আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ রয়েছে। বন থেকে গাছ কাটলেও তার বিরুদ্ধে এলাকার কেউ কথা বলতে সাহস করে না। এজন্য তাকে আইনের আওতায় নেওয়া সম্ভব হয়না। এবার তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ই-পাসপোর্ট কী এবং কেমন হবে
এ বিষয় অভিযুক্ত কালাম মীর বলেন, বনের কিছু ভেঙ্গে পড়া গাছ কেটে এনেছি মাত্র।
তালতলী উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিত্র বলেন, অভিযুক্ত কালাম মীরের বিরুদ্ধে প্রচলিত বন্য আইনে মামলার প্রস্তুতি চলছে ।
তালতলী উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিঞা বলেন, বন বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
ইত্তেফাক/এসি