নতুন নতুন বিজ্ঞাপন, খণ্ড নাটক ও ধারাবাহিক নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। তার বর্তমান ব্যস্ততার কথা জানাচ্ছেন অজেয় চৌধুরী
তার প্রথম পরিচয় তিনি একজন নৃত্যশিল্পী। তবে বর্তমানে সেই পরিচয়কে ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এছাড়া মডেলিং জগতেও রয়েছে নাদিয়ার পদচারণা। ১৯৯২ সালে বিটিভির জনপ্রিয় ‘বার রকমের মানুষ’ ধারাবহিকের ‘বৈচি’ চরিত্রের মাধ্যমে অভিনেত্রী নাদিয়া পরিচিতি পান। সেই থেকে টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। সাবলীল অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের মন। তবে বরাবরই একটু ব্যতিক্রমী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি তিনি স্টেজ পারফরম নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজ বৃহম্পতিবার তিনি মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন মির্জাপুর এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশন (মেকা) আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন। এটি মেকা আয়োজিত ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠান। এর পরদিন মির্জাপুর ক্যাডেট কলেজে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নাদিয়া আহমেদ। সেদিন ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-উত্তর সময়টি নৃত্যের মধ্যদিয়ে তুলে ধরা হবে বলে জানান নাদিয়া আহমেদ। দীর্ঘ সময়ব্যাপ্তির এই নৃত্য পরিবেশনার নির্দেশনা দিচ্ছেন ফারহানা চৌধুরী বেবী ও ফারহানা খান তান্না। দীর্ঘ দশ বছর পর নাদিয়া আহমেদ কোনো ক্যাডেট কলেজে নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন। নাদিয়া আহমেদ বলেন, ‘দশ বছর আগে আমি কুমিল্লা ক্যাডেট কলেজে পারফরম করেছিলাম। দশ বছর পর আবারো মির্জাপুর ক্যাডেট কলেজে নৃত্য পরিবেশন করতে যাচ্ছি। স্বাধীনতার পূর্ব ও পরবর্তী সময়ে বাংলার যে রূপ তা-ই নাচের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ক্যাডেট কলেজের আয়োজন সব সময়ই ভিন্ন ধরনের হয়ে থাকে। আশা করছি, মেকার আয়োজনে এবারের ১৩তম পুনর্মিলনী বেশ ভালোভাবেই সম্পন্ন হবে।’ জানা যায়, একই দিনে মির্জাপুর ক্যাডেট কলেজের এই পুনর্মিলনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জেমস ও ব্যান্ডদল সোলস। একই দিনে ডিজে পরিবেশন করবেন ডিজে রাহাত। ২৫ জানুয়ারি সংগীত পরিবেশন করবেন তাসনিমা আনিকা, রাজত্ব ও ব্যান্ডদল মাইলস। মির্জাপুর ক্যাডেট কলেজ ১৯৬৩ সালের ২৩ নভেম্বর প্রতিষ্ঠিত। এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন মাইকেল উইলিয়াম পিট এবং বর্তমান অধ্যক্ষ হচ্ছেন বিমান রায় চৌধুরী। বর্তমান অধ্যক্ষ বিমান রায় চৌধুরী জানান, যেহেতু আগামীকাল থেকেই পুনর্মিলনী অনুষ্ঠান শুরু। তাই পুরোনো ক্যাডেটদের আগমনে মুখরিত হয়ে ওঠার জন্য প্রস্তুত মির্জাপুর ক্যাডেট কলেজ। এদিকে নাদিয়া আহমেদ অস্ট্রেলিয়ায় গত বছরের শেষ প্রান্তে লিটুর নির্দেশনায় ‘মন দরজা’ ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। এছাড়া বর্তমানে তিনি ফরিদ আহমেদের ‘সুলতান ভাই’, সকাল আহমেদের ‘ভদ্রপাড়া’, ইমরান হাওলাদারের ‘লাগ ভেলকি লাগ’, কায়সার আহমেদের ‘বকুলপুর’ ধারাবাহিকের কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন।