হলিউডি সিনেমা ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ মুক্তি পেয়েছে সম্প্রতি। অ্যাকশন-কমেডি ঘরানার এ ছবিতে উইল স্মিথ ও মার্টিন লরেন্সের সঙ্গে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ভেনেসা হাজেন্স। এ ছবিতে তার অভিনীত চরিত্রের নাম কেলি। ‘ব্যাড বয়েজ’ সিরিজের তৃতীয় ছবিতে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয়ের সুযোগ অভিনেত্রী হিসেবে তাকে অনেকটাই এগিয়ে দিয়েছে, সন্দেহ নেই। তাছাড়া বক্স অফিসে ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ ছবিটির ব্যবসায়িক সাফল্যের ব্যাপারটা সুস্পষ্ট হয়েছে ইতিমধ্যেই। ৩১ বছর বয়সী ভেনেসা হাজেন্স একাধারে একজন অভিনেত্রী ও গায়িকা। অভিনয় ও গান—দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ‘হাইস্কুল মিউজিক্যাল’ ফিল্ম সিরিজে গ্র্যাবিয়েল মন্টেজ চরিত্রে অভিনয়ের সুবাদে ব্যাপক খ্যাতি ও পরিচিতি লাভ করেন। তবে এর আগে ২০০৩ সালে ‘থার্টিন’ ছবির মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক হয়েছিল। মিউজিক্যাল ফিল্ম সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার সুবাদে অনেকের নজরে পড়ে গিয়েছিলেন ভেনেসা। তখন হলিউড রেকর্ডস গায়িকা হিসেবে অ্যালবাম প্রকাশের ব্যাপারে চুক্তি স্বাক্ষর করে তার সঙ্গে। সেখান থেকে ২০০৬ ও ২০০৮ সালে যথাক্রমে ‘ভি’ ও ‘আইডেন্টিফাইড’ নামে দুটি স্টুডিও অ্যালবাম বেরোয় তার। গাইতে গাইতে খ্যাতির চূড়ায় পৌঁছুলেও অভিনয়টাকে মন থেকে সরাতে পারেননি তিনি। পাশাপাশি অভিনয়েও মনোযোগ দেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় তার উজ্জ্বল প্রাণবন্ত উপস্থিতি ভেনেসার অভিনেত্রী পরিচয়টাকে পাকাপোক্ত করে দিয়েছিল। এ প্রসঙ্গে তার অভিনীত ‘ব্যান্ডস্ল্যাম’, ‘বিস্টলি’, ‘সাকার পাঞ্চ’, ‘জার্নি টু দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড’, ‘স্প্রিং ব্রেকারস’, ‘দ্য প্রিন্সেস সুইচ’, ‘সেকেন্ড অ্যাক্ট’ প্রভৃতি সিনেমার কথা বলা যায়। ব্রডওয়ে মিউজিক্যাল ‘গিগি’-তে নাম ভূমিকায় দেখা গেছে তাকে। ফক্স লাইভ প্রোডাকশন ‘গ্রিজ :লাইভ’ ও ‘রেন্ট :লাইভ’ ভেনেসাকে দক্ষ পারফরমার হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিত করেছে আরো বেশি। ক্যালিফোর্নিয়ার সালিনাসে তার জন্ম। বাবা ছিলেন অগ্নিনির্বাপক কর্মী, মা চাকরি করতেন। বাবা আমেরিকান আর মা ফিলিপাইনের হওয়ায় ভেনেসার চেহারায় ফিলিপিনো ভাবটা থাকলেও আচরণে স্বভাবে কথাবার্তায় আমেরিকান সব বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এ বছরের শুরুতে ব্যাড বয়েজদের সঙ্গে পর্দায় উপস্থিত হয়ে বেশ হইচই ফেলে দিয়েছেন ভেনেসা। গত বছর তাকে নিও নওয়ের অ্যাকশন ছবি ‘পোলার’-এ ক্যামিলি চরিত্রে দেখা গেছে। তাছাড়া ‘দ্য নাইট বিফোর ক্রিস্টমাস’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত নভেম্বরে ছবিটি মুক্তি পেয়েছিল। বর্তমানে ভেনেসা ‘দ্য প্রিন্সেস সুইচ :সুইচড অ্যাগেইন’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এখানে তাকে একই সঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে। ছবিটির শুটিং চলছে পুরোদমে। একসময় অভিনেতা জ্যাক এফরনের সঙ্গে গভীর সম্পর্ক ছিল তার। যদিও বর্তমানে আরেক অভিনেতা অস্টিন বাটলারের সঙ্গে প্রণয়ে জড়িয়ে আছেন। ২০১১ সাল থেকে তাদের সম্পর্ক একইভাবে টিকে আছে বলা যায়।