তার বাড়ি কিংবা জন্মস্থান ভারতের কোথাও না হলেও এখন নিজেকে একজন ভারতীয় বলে ভাবেন মনেপ্রাণে। এখন তার সকল কর্মকাণ্ড ও ব্যস্ততা শুধু ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে। ভারত জুড়ে তার তুমুল জনপ্রিয়তা, ঘরে ঘরে ব্যাপক পরিচিতি। বলিউডের সর্বাধিক চাহিদাসম্পন্ন ‘আইটেম গার্ল’ হিসেবে তার এখন ব্যাপক কদর। হ্যাঁ, তিনি নোরা ফাতেহি। খুব কম সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন, একজন নায়িকার মতোই বলিউডে তার অবস্থান। তার উপস্থিতি ও দুর্দান্ত নাচ একটি সিনেমার বক্স অফিস চাহিদা অনেকগুণ বাড়িয়ে দেয়। আজকাল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আইটেম সংয়ের কথা উঠলেই নোরাহ নামটি চলে আসে চট করেই। গত বছরটি টি সিরিজ তাকে ঐ ব্যানারের আগামী সিনেমা, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ এবং ওয়েব মুভিজের একজন এক্সক্লুসিভ শিল্পী হিসেবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ করেছে। কানাডার কুইবেক সিটিতে তার জন্ম। নোরার পরিবার মরক্কো থেকে কানাডায় গিয়েছিল। ২৭ বছর বয়সী নোরা ফতেহি একাধারে মডেল, গায়িকা ও অভিনেত্রী। বলিউডে তার পথচলা শুরু হয়েছিল ‘রোর :টাইগারস অব দ্য সুন্দরবন’ ছবিতে কাজ করার মাধ্যমে। এরপর তেলেগু সিনেমায় একটি আইটেম গানে পারফরম করার সুবাদে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। ওখানকার ‘টেম্পার’, ‘বাহুবলি’, ‘কিক টু’, ‘ডাবল ব্যারেল’, ‘কায়াকুলাম কোচুন্নি’ ছবিগুলোয় নোরার আইটেম সংয়ে পারফরম্যান্স দারুণ আলোড়ন সৃষ্টি করে। ছোট পর্দায় ‘বিগ বস নাইন’ রিয়েলিটি শোর একজন প্রতিযোগী ছিলেন নোরা। সেটা ২০১৫ সালের কথা। ৮৪ দিন পর্যন্ত টিকে থাকতে পেরেছিলেন ‘বিগবস’-এ। এরপর ড্যান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখালা যা’র প্রতিযোগী হিসেবে সবার নজর কাড়েন। বলিউডে নোরার উত্থান ঘটে ‘সত্যমে জয়তে’ ছবিতে আইটেম সং ‘দিলবার’-এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে। গানটি ইউটিউবে মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ২০ মিলিয়ন ভিউ অর্জন করেছিল। যা নিঃসন্দেহে দুর্দান্ত একটি রেকর্ড ছিল। এর আগে কোনো হিন্দি গান এত বিপুল ভিউ লাভ করতে পারেনি। নোরা বলিউডের ‘মিস্টার এক্স’, ‘রকি হ্যান্ডসাম’, ‘সত্যমে জয়তে’, ‘স্ত্রী’ ছবিতে পারফরম করে আজ বলিউডের অন্যতম সেলিব্রিটিতে পরিণত হয়েছেন। নায়িকা না হলেও একটি সিনেমায় তার মাত্র কিছু সময়ের পর্দা-উপস্থিতি অগণিত দর্শক-হূদয়ে শিহরণ তুলছে। অনেক নায়িকা দীর্ঘ সময় পর্দায় থেকেও দর্শকদের এমনভাবে আকৃষ্ট কিংবা আলোড়িত করতে পারছেন না। এ সপ্তাহে আসছে নাচনির্ভর সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নোরা ফতেহি। তার অভিনীত চরিত্রটি একজন নতর্কীর। চরিত্রের প্রয়োজনে চোখ ধাঁধানো ড্যান্স পারফরম্যান্স করেছেন। ইতিমধ্যে নোরার ‘গরমি’ আইটেম গানটি বেশ হিট করেছে। আগামী দিনে নোরাকে ‘বাগি থ্রি’ ছবিতে আইটেম সংয়ে পারফরম করতে দেখা যাবে। এছাড়া ‘ভুজ :দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিতে অন্যতম প্রধান নারী চরিত্রে রূপদান করছেন তিনি।