জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে ৫ দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক উত্সব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১০ জানুয়ারি বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা যন্ত্র স্থাপন কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয়ে ১৪ জানুয়ারি গ্রামীণ যাত্রাপালার মধ্য দিয়ে শেষ হয় এ লোকজ সাংস্কৃতিক উত্সব। স্থানীয় শিল্পীদের গান ও মীরাক্কেল খ্যাত তানভীরের মনোমুগ্ধকর পরিবেশনায় উত্সবের প্রথমদিন শেষ হয়। দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত কনসার্ট উপজেলা পরিষদ চত্বরে সরাসরি প্রদর্শন করা হয়। চতুর্থ দিন কুষ্টিয়া থেকে আগত শিল্পীদের পরিবেশনায় লালন সংগীত ও পালাগান অনুষ্ঠিত হয়। লালন সংগীত পরিবেশনা করেন লালন একাডেমির শিল্পী ফরিদা ইয়াসমিন ও হাসি সরকার এবং তৌফিক এলাহীর পরিবেশনায় পালাগান অনুষ্ঠিত হয়। তৃতীয় ও পঞ্চম দিন গ্রামীণ যাত্রাপালা মঞ্চায়িত হয়। সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমানসহ হাজারো দর্শক লোকজ সাংস্কৃতিক উত্সব উপভোগ করেন। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বর্ণিল আতশবাজি প্রদর্শিত হয়।