পাকিস্তান গেলেন গিবসনও

বাংলাদেশ জাতীয় দলে দক্ষিণ আফ্রিকার প্রভাব বাড়ছেই। প্রধান কোচ দক্ষিণ আফ্রিকান, ব্যাটিং কোচ দক্ষিণ আফ্রিকান। এবার সরাসরি দক্ষিণ আফ্রিকান না হলেও সেই দেশটির সাবেক প্রধান কোচ ওটিস গিবসন নিয়োগ পেলেন বাংলাদেশের বোলিং কোচ হিসেবে। গতকাল বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, তার অভিজ্ঞতা বাংলাদেশকে এগিয়ে দেবে আন্তর্জাতিক ক্রিকেটে।

৫০ বছর বয়সি সাবেক এই ক্যারিবিয়ান কোচকে ২০২২ সাল পর্যন্ত নিয়োগ দিয়েছে বিসিবি। গতকাল ঢাকায় পৌঁছান গিবস। আর গতকালই জাতীয় দলের সাথে বিশেষ ফ্লাইটে চলে গেছেন তিনি লাহোরে।

গিবসন সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হিসেবে। বিপিএলে দায়িত্ব পালনের সময়ই তিনি প্রকাশ করেছিলেন যে, তার সাথে বিসিবির আলোচনা চলছে বোলিং কোচ হওয়ার ব্যাপারে। বিসিবি জানিয়েছিল, তাদের সংক্ষিপ্ত তালিকায় আছেন গিবসন। এই তালিকা থেকে সাবেক এই ক্যারিবিয়র নামই নতুন বোলিং কোচ হিসেবে ঘোষণা করা হলো।

কোচ হিসেবে অত্যন্ত হাই প্রোফাইল মানুষ এই ওটিস গিবসন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলা এই ক্যারিবিয়ান ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। এরপর ২০১০ সালে ফিরে যান নিজের দেশের দায়িত্ব নিতে। ২০১৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে কাজ করেন তিনি। সে বছরই আবার ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান।

২০১৭ সালে গিবসনকে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০১৯ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। গেল বছর বিশ্বকাপের ব্যর্থতার জের ধরে আর গিবসনের মেয়াদ বাড়ায়নি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তখন বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের প্রধান কোচ হওয়ার একটা গুঞ্জন ছিল। তবে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে তার ব্যাটে বলে হয়নি।