টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো একটা প্রস্তুতির দরকার ছিল বাংলাদেশ নারী দলের। সেই প্রস্তুতিটা দারুণ হলো। ভারতে অনুষ্ঠিত চারদলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতল বাংলাদেশ। গতকাল পাটনায় অনুষ্ঠিত ফাইনালে ভারত-বি দলকে ১৪ রানে হারাল বাংলাদেশ।
আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে। জবাবে ৮ উইকেটে ১০৩ রানে আটকে যায় ভারতীয় দলটার ইনিংস।
আগে ব্যাট করা বাংলাদেশ দলকে ভালো শুরু এনে দেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। বিনা উইকেটে বাংলাদেশ ২৫ রান করে। ১৩ রান করে ফেরেন ওপেনার শামিমা সুলতানা। এরপর সানজিদা ও মুর্শিদা ভালো একটা জুটি করেন। দুজনই ঠিক ৩৪ রান করে করেন। সানজিদা ৩২ বলে ৩৪ রান করেন এবং মুর্শিদা ৩৮ বলে ৩৪ রান করেন।
এরপর অবশ্য দ্রুত শেষ দিকের উইকেটগুলো হারানোয় মোট রানটা খুব বড়ো হতে পারেনি। ভারতের তনুজা কানওয়ার ১৪ রানে ৩টি উইকেট নেন। আর কোহালে ১৮ রানে ২ উইকেট নেন।
জবাব দিতে নেমে ২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত-বি দল। জাহানারা আলম পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নেন। সালমাও এক উইকেট নেন। এরপর তেজাল ৩৩ বলে ৩৪ রান করে একটা পালটা আক্রমণ করার চেষ্টা করেন। তার উইকেট তুলে নেন খাদিজাতুল কুবরা। শেষ দিকে তনুজা কানওয়ার ১৬ বলে ২১ রান করেন।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন সালমা ও জাহানারা। আর একটি করে উইকেট নেন খাদিজা ও নাহিদা।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১১৭/৭ (মুর্শিদা ৩৪, সানজিদা ৩৪, নিগার ১৮, শামিমা ১৩; তনুজা ৩/১৪, কোহালে ২/১৮)।
ভারত-বি দল: ২০ ওভারে ১০৩/৮ (তেজাল ৩৪, তনুজা ২১; জাহানারা ২/১৭, সালমা ২/১৮, খাদিজা ১/২০, নাহিদা ১/২৩)।
ফল: বাংলাদেশ নারী দল ১৪ রানে জয়ী।