লিগ শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে গেছে চেলসি। তবে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল এখন চতুর্থ স্থানটা অন্তত ধরে রেখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চায়। আর সাবেক এই চেলসি তারকার স্বপ্ন নতুন করে হোঁচট খেল আর্সেনালের বিপক্ষে।
নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ব্লুজরা। আর এর চেয়েও বড়ো ব্যাপার হলো আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ নিজের সাবেক দলের বিপক্ষে মাত্র ২৬ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকিটা সময় ১০ জনের দল নিয়ে খেলে ড্র আদায় করাটা সহজ ছিল না আর্সেনালের জন্য।
এজন্যই ম্যাচ শেষে হতাশায় পুড়ছেন কোচ ল্যাম্পার্ড। তিনি বলেন, ‘আমরা এখন চতুর্থ অবস্থানে আছি। এটা বেশ ভালো। তবে, আমাদের এই অবস্থানটা লিগের শেষ পর্যন্ত ধরে রাখার জন্য আরো অন্তত ১০ পয়েন্ট দরকার। সেটা নিশ্চিত করার জন্য এই ম্যাচগুলো আমাদের জেতা দরকার।’
কোচ ম্যাচের প্রসঙ্গে বলেন, ‘আমরা ম্যাচে খুব বেশি ভুল করিনি। আমরা অনেক সুযোগ সৃষ্টি করেছি। কিন্তু আগের ভুলগুলো আবারও করেছি। ফলে, ম্যাচের ফলাফলটা এমন দেখাচ্ছে।’
চেলসি অবশ্য এখনো পয়েন্ট টেবিলের চারেই আছে। ২৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪০। অন্যদিকে আর্সেনালের অবশ্য এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, ২৪ ম্যাচে মাত্র ৩০ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার ১০-এ। সবার ওপরে যথারীতি আছে লিভারপুল। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৬৪। আজ তারা খেলবে উলভারহ্যাম্পটনের বিপক্ষে।
তাদের চেয়ে দুই ম্যাচ বেশি খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি গত মঙ্গলবার রাতে ১-০ গোলে হারিয়েছে শেফিল্ড শিল্ডকে।