সৈকতে বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। গতকাল বুধবার সকালে উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৃহত্ চিত্র প্রদর্শনী আয়োজনের মাধ্যমে ছাত্রীরা দৃষ্টান্ত স্থাপন করেছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব আর অসীম ত্যাগের ইতিহাস সম্পর্কে শিক্ষা অর্জন করবে। গতকাল বুধবার কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্টে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা ব্যতিক্রমী এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামু উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রণয় চাকমা জানান, ঐ বিদ্যালয়ের কয়েক জন শিক্ষকের সহায়তায় ছাত্রীরা টিফিনের টাকা জমিয়ে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন চিত্রকর্ম সংগ্রহ শুরু করে। অল্প দিনে ছাত্রীরা সংগ্রহ করে বঙ্গবন্ধুর ১ হাজার চিত্র। পরে এসব ছবি দিয়ে ১ হাজার ফুট দীর্ঘ এ প্রদর্শনী আয়োজন করা হয়।

আলোকচিত্র প্রদর্শনীতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দেসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীসহ বিপুল দর্শক উপস্থিত ছিলেন। সৈকতে আসা দেশি-বিদেশি পর্যটকরা এ প্রদর্শনী দেখে উল্লাস প্রকাশ করেন।