আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার ৪৪ বছরেও আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সাহসী নেতা বাংলাদেশে দ্বিতীয় আর কেউ জন্মগ্রহণ করেননি। তিনি আজ বিশ্বের দুই নারী প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিতীয় শক্তিশালী নারী প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ধারাবাহিক ও পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে একসময়ের তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে বিদ্যুতের ঘাটতি নেই। আগামী এক বছরের মধ্যে চকরিয়ার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেওয়া হবে। বর্তমান সরকারের আমলে কক্সবাজার জেলায় লক্ষ-কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড চলছে। চকরিয়ার মাতামুহুরী নদীতে ছয় লেনের নতুন সেতু নির্মাণসহ বহু উন্নয়ন কর্মকাণ্ড চলছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, উপবৃত্তি, ডিজিটাল প্রযুক্তিসহ সব উন্নয়ন কর্মকাণ্ডের রূপকার হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, রোহিঙ্গার সমস্যা বড়ো সমস্যা আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াধীন।
গতকাল বুধবার চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
লোহাগাড়ায় সামরিক সচিবের শোকসভা
এদিকে লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সেতুমন্ত্রী বলেছেন, মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন সব সংকটের সময় নেত্রীর পাশে ছিলেন। গতকাল উপজেলার চুনতি মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রমের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।