টিফিনের টাকা জমিয়ে বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনী করল ওরা

শিক্ষার্থী ও শিক্ষকরা টিফিনের টাকা জমিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেশের অন্যতম বৃহত্ আলোকচিত্র প্রদর্শনী করেছে। গতকাল বুধবার কক্সবাজার সমুদ্র সৈকতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন। এ সময় জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তাকে নিয়ে চিত্র প্রদর্শনী আয়োজনের মাধ্যমে ছাত্রীরা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ আয়োজন সবার জন্য অনুকরণীয় এবং গৌরবের। এর মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব আর অসীম ত্যাগের ইতিহাস সম্পর্কে শিক্ষা অর্জন করবে।  রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার উদ্যোগে কক্সবাজার সৈকতের দরিয়ানগর পয়েন্টে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা ব্যতিক্রমী এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামু উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রণয় চাকমা জানান, সম্প্রতি তিনি এ ধরনের উদ্যোগের কথা জানালে বিদ্যালয়ের ছাত্রীরা তাদের টিফিনের টাকায় এ বিশাল কর্মযজ্ঞ আয়োজনে আগ্রহ প্রকাশ করে। এতে তিনিও সায় দেন। এরই পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সহায়তায় ছাত্রীরা টিফিনের টাকা জমিয়ে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন চিত্রকর্ম সংগ্রহ শুরু করে। অল্পদিনে ছাত্রীরা সংগ্রহ করে বঙ্গবন্ধুর এক হাজার ছবি।