সিটি নির্বাচনে লেমিনেটেড পোস্টারের ব্যবহার নয় :হাইকোর্ট

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্লাস্টিক আচ্ছাদিত বা লেমিনেটেড পোস্টার ছাপানো ও প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। এছাড়া সারাদেশে দেশে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে লেমিনেটেড পোস্টার ছাপা ও প্রদর্শন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

একটি ইংরেজি দৈনিকে ‘লেমিনেটেড পোস্টার ইন সিটি পোলস : এ বিগ থ্রেট টু এনভায়রনমেন্ট’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে বলা হয়, পরিচ্ছন্ন সবুজ নগর উপহার দেওয়ার কথা বললেও ঢাকার           দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্লাস্টিকে মোড়ানো (লেমিনেটেড) নির্বাচনি পোস্টারে ছেয়ে ফেলেছেন পুরো শহর। প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর হলেও বৃষ্টি, কুয়াশা, আর্দ্রতা কিংবা ধুলাবালি থেকে পোস্টারগুলো রক্ষা করার জন্য তারা এটার ব্যবহার করছেন। পরিবেশবিদরা বলছেন, পোস্টার প্লাস্টিকে মোড়ানোর (লেমিনেটেড) কারণে পরিবেশের জন্য মহাবিপর্যয় অপেক্ষা করছে। এই বিপুল পরিমাণ প্লাস্টিক নর্দমায় গিয়ে জমা হয়ে বর্ষায় জলাবদ্ধতার কারণ হবে। গতকাল প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ ও রুল জারি করে।