ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ প্রক্রিয়াকে বিতর্কের ঊর্ধ্বে রাখার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. সহিদুল ইসলাম। বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও ইসির সিনিয়র সচিবকে লেখা এ সংক্রান্ত চিঠিতে ‘ঘুড়ি’ প্রতীকের এই প্রার্থী ৬৮ নম্বর ওয়ার্ডের সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ অভিহিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স ও ইসির প্রতিনিধি নিয়োগপূর্বক বিশেষ নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা নিয়ে নির্বাচন তথা ‘ইভিএম’ সিস্টেমকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে সহিদুল ইসলাম বলেছেন, ৬৮ নম্বর ওয়ার্ডের সারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, এম এ ছাত্তার উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এবং হাজি মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রগুলো এক প্রার্থীর বাড়ির নিকটবর্তী হওয়ায় কেন্দ্রগুলোতে অবৈধ প্রভাব বিস্তার ও ক্ষমতা অপপ্রয়োগের মাধ্যমে ভোটকেন্দ্র দখল করে নেওয়ার শঙ্কা রয়েছে।