‘দুর্নীতিই জিডিপির আড়াই থেকে ৩ ভাগ খেয়ে ফেলছে’

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, দক্ষিণ এশিয়ার মানুষ বেশি ধর্মভীরু। অথচ এ অঞ্চলের মানুষ বেশি দুর্নীতি করে। এ দুর্নীতিই বাংলাদেশের জিডিপির আড়াই থেকে ৩ ভাগ খেয়ে ফেলছে। তিনি বলেন, সরকারের সব কাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা থাকতে হবে। চাকরির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিলাসী জীবনযাপন যারা করবেন, তাদের ছাড়া হবে না। 

গতকাল বুধবার সিরাজগঞ্জে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে দুর্নীতি প্রতিরোধবিষয়ক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ১৪১টি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত দেড় বছরে দুদকে ৩৭ লাখের অধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে অর্থ আত্মসাতের অভিযোগই বেশি। যেগুলো আমাদের তদন্ত করার ক্ষমতা নেই, সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে এ শুনানিতে জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরের  বিরুদ্ধে ৪৩টি অভিযোগ উত্থাপিত হয়। শুনানি শেষে কিছু অভিযোগের বিষয় নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকতাদের নির্দেশ দেওয়া হয়। এছাড়া কিছু অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।