পাখি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল ২৪ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ২০তম ‘পাখিমেলা-২০২০’। ‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’—এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে বলে জানান মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হাসান।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিতব্য এবারের পাখি মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। মেলার অন্যান্য আয়োজনের মধ্যে থাকবে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, পাখিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, টেলিস্কোপে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, অডিওভিডিও-এর মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা এবং সবশেষে থাকছে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।