রাজশাহীর বাগমারা উপজেলায় চাঁদাবাজি মামলায় গ্রেফতার হয়েছেন বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান (৫০), তার ছোট ভাইসহ ৫ জন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ও বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
অন্যদের মধ্যে গ্রেফতার হয়েছেন- লুৎফর রহমানের ছোট ভাই রফিকুল ইসলাম (৩৫), কামনগর গ্রামের মৃত আজগর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), দ্বীপনগর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে আফজাল হোসেন (৩৬) ও সাইপাড়া গ্রামের আহসান আলীর ছেলে জামরুল ইসলাম (২৪)।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার একই ইউনিয়নের মন্দিয়াল গ্রামের মৃত বুদাই প্রাং এর ছেলে ছাবেদ আলী চাঁদাবাজি, নির্যাতন, পুকুর দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে লুৎফর রহমানসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৭ জনের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকিরা আত্মগোপন করে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, গ্রেফতারের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এসি