প্রেম নিয়ে দ্বন্দ্বে খুন হয় কিশোর রিফাত

নরসিংদীর শিবপুরে নিখোঁজের চারদিন পর রিফাত (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে শিবপুর মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার ভোরে শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত পানির ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিফাত একই এলাকার শুক্কুর আলীর ছেলে। এ ঘটনায় আশরাফুল (১৫) ও রাসেল (১৭) নামে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। 

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, রিফাত নিখোঁজের পর গত ১৮ জানুয়ারি শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। 

পরে পুলিশ সন্দেহভাজন হিসেবে একই এলাকার আশরাফুল (১৬) নামে এক কিশোরকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, একই এলাকার শহিদুল্লার ছেলে রাসেল ও নাজমুল হকের ছেলে সাইফুল (১৫) মিলে রিফাতকে গলা কেটে হত্যার পর লাশ লুকিয়ে রাখেছে। 

আরও পড়ুন: পুকুর পাহারাদারকে কুপিয়ে হত্যা

পরে তার দেওয়া তথ্যে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
তিনি আরও জানান, প্রেম সংক্রান্ত বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। 

ইত্তেফাক/এসি