বাংলাদেশে নতুন অফিস চালু করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল। গতকাল রাজধানীর এক অভিজাত হোটেলে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ২০ বছরপূর্তি উপলক্ষ্যে এ ঘোষণা দেওয়া হয়। দেশের সরকারি-বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তি সেবা দেয় প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, ওরাকল আসিয়ানের (দ্য অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর শেরিয়ান ভার্গেস, সাউথ এশিয়া গ্রোথ ইকোনোমিকসের ম্যানেজিং ডিরেক্টর এবং ওরাকল ক্লাউড প্ল্যাটফরম গ্রুপের ভাইস প্রেসিডেন্ট অমিত সাক্সেনা, ওরাকল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলাসহ কোম্পানিটির গ্রাহক ও অংশীদাররা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, গত অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ; যা অভাবনীয় এবং প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলে সর্বোচ্চ। দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানকে আধুনিক প্রযুক্তিতে রূপান্তর করে প্রবৃদ্ধি অর্জন এবং নতুন নতুন উদ্ভাবনী উপায়ে গ্রাহকদের সেবা দিতে সহযোগিতা করায় ওরাকল প্রশংসার দাবিদার।