বুড়িগঙ্গায় বর্জ্য ফেলা বন্ধে পদক্ষেপ নিতে দক্ষিণ সিটি মেয়রকে নির্দেশ

বুড়িগঙ্গা নদীর তীরে বর্জ্য ফেলা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বর্জ্য থাকলে তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। এছাড়া সিটি করপোরেশনের কোনো স্যুয়ারেজ লাইনের পাইপ নদীতে থাকলে তা বন্ধ করতে বলা হয়েছে। এছাড়া কোনো প্রতিষ্ঠানের স্যুয়ারেজ লাইন থাকলে তা বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে অপসারণ বাবদ অর্থ আদায় করতে বলা হয়েছে। আদালতের এই আদেশ বাস্তবায়ন করে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে সিটি করপোরেশনের মেয়রকে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।

বুড়িগঙ্গা নদীর পানিদূষণ বন্ধে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। ওই রিটের রায়ে বুড়িগঙ্গার দূষণ বন্ধে একগুচ্ছ নির্দেশনা দিয়ে ২০১১ সালে রায় দেওয়া হয়। কিন্তু ওই রায় যথাযথভাবে বাস্তবায়ন না করায় হাইকোর্টে সম্পূরক আবেদন করেন মনজিল মোরসেদ। ওই আবেদনের ওপর শুনানিকালে তিনি বলেন, আট বছর পেরিয়ে গেলেও বুড়িগঙ্গা দূষণ বন্ধে হাইকোর্টের নির্দেশনাগুলো বাস্তবায়িত হচ্ছে না। নদীর তীরে বর্জ্য ফেলা বন্ধে বিবাদীরা এখনো বিশেষ কমিটি গঠন করেনি। ফলে পানিদূষণ বেড়েই চলেছে। শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেয়।