চুয়াডাঙ্গার জীবননগরে ধানের বস্তা চাপায় নিজাম উদ্দিন (৩৯) নামের এক মিলশ্রমিক নিহত হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার পেয়ারাতলার সততা এগ্রোফুড মিলে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নাসির উদ্দিন (৪০) নামে অপর আর এক শ্রমিক। নিহত নিজাম লক্ষ্মীপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।
আহত শ্রমিক নাসির উদ্দীন জানান, প্রতিদিনের মতো আমরা অটো রাইসমিলে কাজ করছিলাম। লট থেকে ধান নিয়ে হপারে দেওয়া কালে রাত ২টার দিকে আকস্মিকভাবে ধানের লট ধসে পড়ে। এ সময় ধানের বস্তার নিচে নিজাম ও আমি চাপা পড়ি। মিলের শ্রমিকরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় জরুরি বিভাগের চিকিত্সক নিজামকে মৃত ঘোষণা করেন।