খাই খাই

শফিকুল ইসলাম শফিক

 

ভোট এলে পান খাই

জাত কুল মান খাই

রাত-দিন করি ঝাঁপাঝাঁপি,

যার যত নুন খাই

পান কিবা চুন খাই

খাই-দাই করি চাপাচাপি।

 

ভোট এলে চা-ও খাই

তার সাথে টাও খাই

খাইদাই নিয়ে মাতামাতি,

সিগারেট বিড়ি খাই

সব ফিরি ফিরি খাই

মাঝে মাঝে হোক হাতাহাতি।

 

ভোট এলে চপ খাই

রোজ গপাগপ খাই

পিঁয়াজিও খাই বেমালুম,

ভোট এলে পুরি খাই

চানাচুর মুড়ি খাই

এলাকায় পড়ে মহাধুম।

 

বিরিয়ানি কারও খাই

যত পাই আরও খাই

খেয়েদেয়ে দিন কেটে যায়,

টক মিঠা ঝাল খাই

কারো মুখে গাল খাই

শরমে যে মরি মরি হায়!

 

ভোট এলে টাকা খাই

কলা কাঁচা-পাকা খাই

কত টাকা পাই হাতেনাতে,

কারো কিল ঘুষি খাই

যত তত খুশি খাই

করি নাকো বাড়াবাড়ি তাতে।

 

ভোট এলে ঝাড়ি খাই

মদ গাঁজা তাড়ি খাই

দিতে চাই ভোট যাকে তাকে,

ভোট এলে ঘুষ খাই

দিনে রাতে জুস খাই

কতটুকু মানবতা থাকে?

কনইল, নওগাঁ