কৃষির টেকসই উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

সিলেটে শুরু হয়েছে কৃষি সম্প্রসারণ সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন। বৃহস্পতিবার “টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়ন” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সোসাইটি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ২৩ জানুয়ারি ও ২৪ জানুয়ারি দুই দিনব্যাপী এ সম্মেলনটি চলবে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সোসাইটির সভাপতি প্রফেসর ড. এম জুলফিকার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। সম্মেলনে যুক্তরাষ্ট্র, ভারত, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও স্বাগতিক দেশ বাংলাদেশসহ প্রায় চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।