রাজশাহীর বাগমারা উপজেলায় চাঁদাবাজি মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুত্ফর রহমানসহ (৫০) পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ও বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত অন্যরা হলেন, লুত্ফর রহমানের ছোটো ভাই রফিকুল ইসলাম (৩৫), মৃত আজগর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), মৃত ওসমান আলীর ছেলে আফজাল হোসেন (৩৬) ও আহসান আলীর ছেলে জামরুল ইসলাম (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার একই ইউনিয়নের মন্দিয়াল গ্রামের মৃত বুদাইয়ের ছেলে ছাবেদ আলী (৪৫) চাঁদাবাজি, জোরপূর্বক তুলে নিয়ে আটকে রেখে নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগ এনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুত্ফর রহমান ও তার ছোটো ভাই রফিকুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৭ জনের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করে।