চান্দিনায় চাঞ্চল্যকর হত্যা

‘ধর্ষণের প্রতিবাদ করায় খুন হয় নাছির’

কুমিল্লার চান্দিনায় মহাসড়কে দোকানির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধারের ঘটনার ১০ দিন পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। টাকার জন্য নয়, প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়। ঘটনার বর্ণনা করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ মো. নূরুল ইসলাম। এ ঘটনায় মোয়াজ্জেম হোসেন (২৫) এবং অটোরিকশা চালক সানাউল্লাহ (২৪) নামে দুই জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, গত ৭ জানুয়ারি সানাউল্লাহসহ চার/পাঁচ জন মিলে পার্শ্ববর্তী বাড়ির ১৫ বছর বয়সি এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। বিষয়টি দেখে বাধা দেয় নাছির। গত ১২ জানুয়ারি এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে মোয়াজ্জেম নামে অপর একজনকে সঙ্গে নিয়ে দা দিয়ে নাছিরকে কয়েকটি কোপ দেয় সানাউল্লাহ। নাছির জীবন বাঁচাতে দৌড়ে মহাসড়ক পারাপারের সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি সকালে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার প্রায় দেড় কিলোমিটার এলাকা থেকে নাছির উদ্দিনের ছিন্নভিন্ন মরদেহের অংশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।