গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন কৃষক বাঁচলে, কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই এ দেশের দরিদ্র কৃষকের কথা চিন্তা করে বর্তমান সরকার ভর্তুকি দিয়ে কৃষকের মধ্যে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশ আজ খাদ্য উত্পাদনে স্বয়ংসম্পূর্ণ। বৃহস্পতিবার সকালে স্বরূপকাঠি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ‘আমি এমপি হিসেবে বা মন্ত্রী হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।’ তিনি কৃষকদের উদ্দেশে বলেন, চাষাবাদের মতো সন্তানদেরও লালন পালন করতে হবে। তারা যেন মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ে জড়িয়ে না পড়ে। উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য।