‘সকল অবিবাহিতগনের প্রতি আমার আকুল আবেদন, আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর ‘মা’ ভালো কি-না সঠিকভাবে খবর নেবেন। কারণ পাত্রীর ‘মা’ ভালো না হলে পাত্রী কখনই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোযখের মতো। সুতারাং সকল সম্মানীত অভিভাবকগনের প্রতি আমার শেষ অনুরোধ বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেবেন।’ ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে নিজের সরকারি অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন শাহ আবদুল কুদ্দুস নামে পুলিশের একজন নায়েক। গতকাল বৃহস্পতিবার ভোরে মিরপুর ১৪ নম্বরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) কার্যালয়ে এই ঘটনা ঘটে।
পিওএম উত্তরের উপ-কমিশনার নাজমুল হাসান বলেন, বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে ডিউটিতে যাওয়ার আগ মুহূর্তে নিজের নামে ইস্যু করা আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেন পিওএম ব্যারাকে থাকা কুদ্দুস। তিনি বলেন, কুদ্দুস আত্মহত্যার আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি শ্বাশুড়ির দ্বারা নির্যাতনের ইঙ্গিত দিলেও মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেন।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের শুরুতে তিনি লিখেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ি করবেন না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। প্রাণটা পালাই পালাই করছে......।’ এরপর তিনি অবিবাহিতদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে স্ট্যাটাস শেষ করেন। শেষে লেখেন আল্লাহ হাফেজ। নিচে নিজের পরিচয়টিও লিখে দেন।