নীতিহীন নেতা

সূর্য কুমার বৈষ্ণব

 

নমিনেশন পেয়ে নেতা

ঘুরছে দ্বারে দ্বারে,

চামচারা সব মিছিল নিয়ে

যাচ্ছে গণহারে।

 

জাতপাত মানছে না

ধরছে সবার পায়ে।

কখনোবা কাদামাখা

কৃষকের গায়ে।

 

ভেজা বিড়ালের মতো

ধরে নেতা ভাবখান,

ছলে, বলে, কৌশলে

আদায় করে ভোটখান।

 

চাল দেবো, গম দেবো

দেবো আরও কত কী,

রাস্তাঘাট-বাড়িঘর

আরও বলো চাও কী?

 

নেতার কথার আশ্বাসে

ভোট দেয় গড়গড়,

নেতা সবই ভুলে যায়

বিজয়ী হওয়ার পরপর।

 

সরকার হতে কত কিছুই

আসে ভাই অনুদান,

নেতা আর চামচারা সব

ভাগাভাগি করে খান।

 

ছিটেফোঁটে পায় একটু

গরিব ও কাঙাল,

নেতার মতো নেতা আর

দেখি না আজকাল।

 

নেতা হবে আক্কাস

দিলরুবা পুষ্প

নেতা হবে আক্কাস

মাঠ তার জাক্কাস

দলবল সাথে নিয়ে চলে সে

বাড়ি কি-বা রাস্তায়

জয়ী হবো আস্থায়!

মুখ ভরে এই কথা বলে সে।

 

কাক-চিল পক্ষীকে

অপয়া ও লক্ষ্মীকে

আগে দেয় সালামের ঝুলিটা!

জনতার সম্মুখে

শত্রু বা যম-মুখে

ছাড়ে তার মুখস্থ বুলিটা।

 

চামচারা স্বেচ্ছায়

বলে তার কেচ্ছাই—

দিন-রাত ছুটে তার পিছুতে

চা’স্টলে আড্ডায়

গুলশান-বাড্ডায়

বাদ যায় না-তো আর কিছুতে।

 

গফরগাঁও সরকারি কলেজ, নান্দাইল, ময়মনসিংহ