মুজিববর্ষের প্রাক্কালে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করার আহ্বান

দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করব :তাপস নতুন ১৮টি ওয়ার্ডে হবে স্বপ্নের বাজেট :আতিকুল

মুজিববর্ষের প্রাক্কালে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী। গতকাল বৃহস্পতিবার সিটি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তারা এ আহ্বান জানান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, মেয়র নির্বাচিত হলে তিনি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডের মানুষ অবহেলায় দিনযাপন করছে উল্লেখ করে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘নির্বাচিত হলে নতুন ১৮টি ওয়ার্ডে হবে স্বপ্নের বাজেট।’

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গতকাল রাজধানীর মুগদা সিএনজি স্টেশন এলাকায় পথসভার মাধ্যমে প্রচারণা শুরু করেন। এ সময় তাপস বলেন, সিটি নির্বাচনে বিএনপির কোনো রূপরেখা                 নেই। তারা জাতীয় রাজনীতির একটি কৌশল হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির প্রার্থীরা নানা কৌশল অবলম্বন করছে। এই নির্বাচনে বিএনপি নিজেরাই বলছে তারা নির্বাচনকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের কৌশল হিসেবে নিয়েছেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮টি নতুন ওয়ার্ড আছে। যেগুলোতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। এই ১৮টি ওয়ার্ডকে আধুনিক ও উন্নত শহরে পরিণত করা হবে। আমরা দীর্ঘমেয়াদি ৩০ বছরের নতুন পরিকল্পনা করব।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের গলি থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এ সময় তিনি বলেন, ‘নতুন ১৮টি ওয়ার্ডের মানুষ অবহেলিত দিনযাপন করছেন। একটু বৃষ্টি হলেই কোমর পানি হয়ে যায়, রাস্তাঘাটের অবস্থা খারাপ, কোনো খেলার মাঠ নেই। আমি দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। এই ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কোনো অফিস ছিল না। আমরা তা করেছি এবং নতুন ওয়ার্ডের রাস্তা ও এলইডি লাইটের প্ল্যান একনেকে অপেক্ষায় আছে। একনেকে নতুন ওয়ার্ডের জন্য ৪ হাজার ২০০ কোটি টাকার বাজেট গিয়েছে। স্বপ্নের বাজেট হবে নতুন ওয়ার্ডগুলোতে।

জনপ্রিয় সুর নকল করে চলছে প্রার্থীর

গুণকীর্তন আর মার্কার জয়গান

সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে মাইকে প্রচার চালিয়ে ভোট চাওয়া হচ্ছে নগরজুড়ে। জনপ্রিয় সুর নকল করে চলছে প্রার্থীর গুণকীর্তন আর মার্কার জয়গান।