ডিএসইর লেনদেন ৫০০ কোটি ছাড়াল

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব কটি মূল্যসূচকের বড়ো উত্থান হয়েছে। সেই সঙ্গে ডিএসইতে দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেন ৫০০ কোটির ঘর অতিক্রম করেছে।  গতকাল ডিএসইতে মোট ৩৫৬টি কোম্পানির ১৮ কোটি ৩৩ লাখ ৯১ হাজার ৬৫৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণ ৫১৪ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার টাকা। বুধবার লেনদেন হয়েছিল ৪৩৮ কোটি ৪২ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭৫ কোটি ৯৭ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭৩ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৪৫১৩ দশমিক ৮৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২৩ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১৫৪৩ দশমিক ৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১০৩৫ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮০টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার। অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৪৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকার। লেনদেন অংশ  নেওয়া ২৬৫ প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।