বাংলাদেশ সিরিজ জিতলে অবাক হবেন না সুজন

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে এখন পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই ফরম্যাটের এক নম্বর দল পাকিস্তান, যেখানে বাংলাদেশ রয়েছে নয় নম্বরে। তারপরও এই সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ এমনটাই আশা খালেদ মাহমুদ সুজনের। স্বাগতিকদের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের দল সিরিজ জিতে গেলেও অবাক হবেন না তিনি। তবে এজন্য বঙ্গবন্ধু বিপিএলে করা পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখতে হবে ক্রিকেটারদের।

বিসিবির পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের বলেছেন, ‘যদিও পাকিস্তান র?্যাংকিংয়ে ওপরের দিকে, ওদের মাটিতে খেলা হওয়ায় এবং ওরা এই ফরম্যাটে একটি শক্তিশালী দল। এরপরও আমি আশা রাখি বাংলাদেশের এই দলের সঙ্গে প্রতিযোগিতা করার সামর্থ্য আছে। যদি আমরা সিরিজটি জিতি তা হলে অবাক হব না আসলে।’

বিপিএলে ভালো করেছিলেন দেশীয় ক্রিকেটাররা। পাকিস্তান সফরেও পারফরম্যান্সের ধারাবাহিকতা আশা করছেন সুজন। গতকাল তিনি বলেছেন, ‘আমি তো আসলে অনেক রোমাঞ্চিত সত্যি কথা বলতে। আর যেভাবে ছেলেরা খেলে গেছে, বিপিএলটা আমরা যেভাবে খেলে গেছি, আমাদের তরুণ ক্রিকেটাররা যেভাবে নিজেদেরকে মেলে ধরেছে বিপিএলে। সব কয়টি বিপিএল থেকে আমার কাছে এই বিপিএলটাই ভালো লেগেছে কারণ এখানে তরুণরা দারুণভাবে নিজেদের প্রমাণ করেছে। সেই একটা তো আশায় আছি।’