‘শেবাগের চুলের চেয়ে আমার টাকা বেশি’

শোয়েব আখতার ইদানীং ইউটিউব চ্যানেলে নতুন করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করছেন। এই সময়ে তার পুরোনো ‘বন্ধু’ বীরেন্দর শেবাগের একটা পুরোনো কথার জবাব দিলেন শোয়েব। পাকিস্তানি এই ফাস্ট বোলার অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেটের প্রশংসা করেন। শেবাগ একবার বলেছিলেন, টাকার জন্য এই প্রশংসা করেন শোয়েব। সেই জবাব দিতে গিয়ে সাবেক গতিদানব শোয়েব বলেছেন, ‘শেবাগের ঐ কথার জবাবে বলতে হয়, আমার কাছে ওর মাথায় যে চুল আছে, তার চেয়ে বেশি টাকা আছে। অবশ্য এটা মজা করে বললাম। এটা সিরিয়াসলি নেবেন না। বিরু, এটা কৌতুক ছিল।’ পরে অবশ্য গম্ভীরভাবেই শোয়েব বলেছেন, তিনি দল বা দেশ দেখে ক্রিকেট নিয়ে কথা বলেন না। যে ভালো করে, তাকে নিয়েই বলেন।