অদম্য রোনালদোয় সেমিতে জুভেন্তাস

বয়সের সঙ্গে সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো যেন আরো ক্ষুরধার হয়ে উঠছেন। জুভেন্তাসের হয়ে শেষ ১০ ম্যাচে করেছেন ১৩ গোল! যার শেষটিতে ভর করে তার দল রোমাকে ৩-১ ব্যবধানে হারিয়ে ইতালিয়ান কাপের শেষ চারে উঠে গেছে। স্প্যানিশ কাপে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ যথাক্রমে ইবিজা ও ইউনিয়নিস্তার বিপক্ষে কষ্টার্জিত জয়ই তুলে নিয়েছে। এদিকে পিএসজি স্তাদ রেইমসকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনাল নিশ্চিত করেছে।

নিজেদের আলিয়াঞ্জ স্টেডিয়ামে গত বুধবার রাতে ম্যাচের ২৬ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় জুভেন্তাস। এরপর রদ্রিগো বেন্টাঙ্কুর আর লিওনার্দো বনুচ্চির গোলে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় তারা। এরপর দ্বিতীয়ার্ধে রোমা ফরোয়ার্ড চেঙ্গিস উন্দেরের গোলপোস্ট ছোঁয়া শট জিয়ানলুইজি বুফনের গায়ে লেগে জুভেন্তাস জালে জড়ায়। ৫০ মিনিটে ব্যবধান কমানোর পর অবশ্য আর কোনো গোলের দেখা পায়নি রোমা। ফলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ মাউরিজিও সারির শিষ্যরা।

জুভেন্তাসের মতো অনায়াস জয় মেলেনি বার্সেলোনা ও রিয়ালের ভাগ্যে। তৃতীয় বিভাগের দল ইবিজার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে দলটি। নবম মিনিটে পেপ কাবাইয়ের গোলের জবাব দিতে বার্সেলোনাকে অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। আন্তনিও গ্রিজমানের গোলটির পর বার্সেলোনা ম্যাচে কর্তৃত্ব বাড়ালেও জয়সূচক গোলটি আসে একেবারে অন্তিম সময়ে। সেটিও ফরাসি ফরোয়ার্ডের পা থেকেই।

বার্সেলোনার মতো না হলেও কোপা দেল রেতে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ কিছুটা বিপাকেই পড়েছিল। ১৮ মিনিটে গ্যারেথ বেলের গোলে ইউনিয়নিস্তার বিপক্ষে এগিয়ে গিয়েই প্রথমার্ধ শেষ করে জিনেদিন জিদানের শিষ্যরা। ৫৭ মিনিটে আলভারো রোমেরোর গোলে সমতা ফেরায় স্বাগতিক ইউনিয়নিস্তা। এরপর ৬২ আর অন্তিম সময়ে ব্রাহিম দিয়াজের জোড়া গোলে জয় নিশ্চিত হয় দলটির।

ফরাসি লিগ কাপে স্তাদ রেইমসের বিপক্ষে পিএসজির হয়ে নেইমার এমবাপেরা মাঠে নামলেও আলো কেড়েছেন অন্যরা। মারকিনিয়সের গোলে এগিয়ে যাওয়ার পর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় তারা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নামা ত্যাংগুয়ে কুয়াসির গোলে ৩-০ ব্যবধানের জয় পায় দলটি।