এবার বার্নলির কাছেও ম্যানইউর হার!

জয়ে ফিরল টটেনহ্যাম

ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে শেষ বার যখন বার্নলির কাছে হেরেছিল, বর্তমান দলের কারোই তখন জন্মও হয়নি। সেই ভুলতে বসা বিস্বাদটাই এবার পেল কোচ ওলে গুনার সোলসারের শিষ্যরা। ওল্ড ট্র্যাফোর্ডে দলটি বার্নলির কাছে হেরেছে ২-০ ব্যবধানে। দিনের অন্য ম্যাচে টটেনহ্যাম অবশ্য নরউইচ সিটিকে ২-১ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে।

গত বুধবার নিজেদের মাঠে শুরু থেকেই ছন্নছাড়া ছিল ইউনাইটেড। ৩৯ মিনিটে যার সুযোগ নেয় সফরকারীরা। ক্রিস উডের গোলটির ১৭ মিনিট পর জে রদ্রিগেজের গোলে জয় নিশ্চিত হয় বার্নলির। ম্যাচে ইউনাইটেডের সমর্থকরাও দুয়ো দিয়েছেন দলকে। ম্যাচ শেষের ৫ মিনিট আগে প্রায় খালি হয়ে গিয়েছিল পুরো স্টেডিয়ামই।

এই হারের ফলে তালিকার পাঁচ নম্বরে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে উত্তরণের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে দলটির। চারে থাকা চেলসির সঙ্গে যে ইউনাইটেডের পার্থক্যটা ছয় পয়েন্টের! এর দায় অবশ্য মাথা পেতে নিলেন কোচ সোলসার, ‘আমাদের মাথায় অনেক চিন্তা ভর করেছে। এখন এই হতাশাও যোগ হলো। এর দায় মাথা পেতে নিচ্ছি আমরা।’

এদিকে টটেনহ্যাম নিজেদের মাঠে ৩৮ মিনিটে ডেলে আলির গোলে নরউইচের বিপক্ষে এগিয়ে গিয়েছিল। এরপর ৭০ মিনিটে সফরকারীরা তিমু পুক্কির গোলে সমতা ফেরালেও ৭৭ মিনিটে সন হিউং মিনের গোলে জয় নিশ্চিত হয় কোচ হোসে মরিনহোর দলের।