আজ শুরু ভারতের পরীক্ষা

স্মিথ-ওয়ার্নারহীন অস্ট্রেলিয়া দলকে সিরিজ হারানো। এরপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়। এর কোনো কিছুই বিরাট কোহলির ভারতকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে পারছিল না। বারবারই বলা হচ্ছিল, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ই পারে তাদের সেরা প্রমাণ করতে। অবশেষে সেই পরীক্ষা আজ শুরু হচ্ছে ভারতের।

আজ থেকে নিউজিল্যান্ডে বিশাল এক সফর শুরু হচ্ছে বিরাট কোহলির দলের। আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা অকল্যান্ডে। এই সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত।

সব অর্থেই এটা ভারতের জন্য কঠিন এক পরীক্ষা হতে যাচ্ছে। নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করা কখনোই ভারতের জন্য সহজ কাজ ছিল না। তার ওপর দলে আবার বেশ কয়েকজন পরীক্ষিত তারকা নেই চোটের কারণে। তবে কাগজ-কলমের হিসাব বলছে, নিউজিল্যান্ডে ভারতের এই দলটারই ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ, তাদের ইতিহাসের সেরা পেস আক্রমণ নিয়েই ভারত গিয়েছে নিউজিল্যান্ড সফরে।