বোনের বাসায় যাওয়া হলো না মা-মেয়ের

মাকে নিয়ে বড় বোনের বাসায় যাচ্ছিলেন। কিন্তু বোনের বাসায় আর যাওয়া হলো না। সড়কেই প্রাণ গেলে মেয়ের। আর মা আহত হয়ে এখন হাসপাতালে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর ওয়ারীর টিকাটুলির সার্কুলার রোডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম নাম সাহারা তালুকদার (২৩)। মা নাজিরা পারভিন (৫০)। সাহারা রামপুরার একটি গার্মেন্টসের (এডমিন) কর্মকর্তা ছিলেন। 

মৃতের চাচা আব্দুর রহিম তালুকদার বলেন, সাহারা ও তার মা বড় বোন সুমাইয়া তালুকদারের বাসা লালবাগের নবাবগঞ্জ বাজারে যাচ্ছিলেন। 

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো, মঞ্জরুল হাবিব বলেন, বিকালে মেয়েটি তার মাকে নিয়ে বড় বোনের বাসায় যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়েন। সাহারা ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত মাকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। আর ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ