মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের সেম্প্রপাড়ার লিপিয়া পাড়ায় নানার বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মেমং মারমার ছেলে মংশালা মারমা (১১) ও মেয়ে ওম্রা মারমা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনে পুড়ে মারা যায়। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় তড়িঘড়ি করে তাদের মামা ঘর থেকে বের হয়ে গেলেও বের হতে পারেনি ঐ দুই শিশু।
ঐ দুই শিশুর বাবা মেমং মারমা জানান, যখন আগুনের সূত্রপাত হয় তখন তার শ্বশুর বাড়িতে বেরাতে আসা মেহমানদের সঙ্গে গালগল্প করছিলেন। তার শ্যালক ও তার দুই সন্তান রান্নাঘরে ঘুমাচ্ছিল। হঠাত্ বাইরে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখা যায়। এসময় শ্যালক বের হতে পারলেও ঘুমন্ত অবস্থায় থাকা তার দুই সন্তান আগুনে পুড়ে মারা যায়। এছাড়াও ঘরে থাকা প্রায় ৬৫ মণ ধান পুড়ে ছাই হয়ে যায়। খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন প্রমুখ। ঘটনাস্থল পরিদর্শন শেষে মেমং মারমাকে কম্বল, শুকনা খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।