সংসদে নৌপরিবহন মন্ত্রী

নদী দখলদারের সংখ্যা ৪৯ হাজার

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, সবকটি জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে দেশের নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। সারাদেশে সর্বমোট ৪৯ হাজার ১৬২ জন অবৈধ দখলদারের বিবরণ লিপিবদ্ধ রয়েছে তালিকায়। তালিকা অনুসারে ইতিমধ্যে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে সারাদেশে নদ-নদী অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সরকার দলীয় এমপি এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান।

প্রতিমন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী কুমিল্লা জেলায় সর্বাধিক ৫ হাজার ৯০৬ জন অবৈধ দখলদার রয়েছে। এছাড়া নোয়াখালীতে ৪ হাজার ৪৯৯, চট্টগ্রামে ৪ হাজার ৭০৪, কুষ্টিয়ায় ৩ হাজার ১৩৪, বরিশালে ২ হাজার ২৭২ ও ময়মনসিংহে ২ হাজার ১৬০ জন অবৈধ দখলদার রয়েছে।

খালিদ মাহমুদ জানান, সারাদেশে অবৈধ দখলদারদের প্রস্তুতকৃত তালিকা জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট সকল জেলা তথ্য বাতায়নে আপলোড করে সর্বসাধারণের পাঠ ও অনুসন্ধানের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তিনি জানান, নদ-নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করা একটি চলমান প্রক্রিয়া। ঢাকা ও নারায়ণগঞ্জ নদীবন্দর থেকে প্রণীত তালিকা অনুযায়ী বিশেষ উচ্ছেদ অভিযানের মাধ্যমে ইতিমধ্যে ১ হাজার ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং সাড়ে ২১ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য নদী বন্দরগুলোতেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করার বিষয়টি অব্যাহত রাখা হবে।

আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ জানান, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ছয়টি বড়ো জাহাজ কেনার পরিকল্পনা নিয়েছে। সরকারি দলের আরেক এমপি শামসুল হক টুকুর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সারাদেশে চলমান সকল নৌপথ সংরক্ষণ ড্রেজিংয়ের জন্য ১০৮ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

৩০ জুলাই হজ হতে পারে : ধর্ম প্রতিমন্ত্রী

সরকারি দলের এমপি মোরশেদ আলমের প্রশ্নের জবাবে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সংসদকে জানান, সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহজ অর্থাত্ ৩০ জুলাই এবছর হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর হাজিরা যাতে সুষ্ঠু ও নিরাপদে হজ পালন করতে পারেন সেজন্য সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। ২০১৯ সালের ৪ ডিসেম্বর রাজকীয় সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে দ্বি-পাক্ষিক হজচুক্তি ২০২০ স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী এবছর মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রী নির্ধারিত হয়েছে। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজে যাওয়ার কথা রয়েছে।

চেম্বারে রোগী দেখা ফি নির্ধারণের চিন্তাভাবনা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংসদকে জানান, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, চেম্বারে ডাক্তারদের রোগী দেখা বাবদ ফি আদায়ে একটি নীতিমালা প্রণয়নের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী  জেনারেল প্র্যাকটিশনার থেকে বিশেষজ্ঞ চিকিত্সক লেভেল পর্যন্ত সরকার কর্তৃক সর্বমহলে গ্রহণযোগ্য রোগী দেখার ভিজিটের হার নির্ধারণের পরিকল্পনা সরকারের রয়েছে। আশা করা যায় ভবিষ্যতে তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

সরকারি দলের সদস্য নূর মোহাম্মদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের ডাক্তারের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে ইতিমধ্যে সরকারি হাসপাতালগুলোতে সপ্তাহে দুই দিন অফিস সময়ের পরে নির্ধারিত সময়সীমা নির্দিষ্ট করে নির্দেশনা দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালসমূহকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মোতাবেক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে ডাক্তারদের সাক্ষাতের সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে দেওয়ার অনুরোধ করা হয়েছে।