বাস কেড়ে নিল ৩০ বছর ভ্যানে বন্দি জীবন

পরিবার পরিজন কেউ নেই হিরু মিয়ার (৫০)। নেই ঘরবাড়িও। সম্বল বলতে একটি ভ্যান ও কয়েকটি জামাকাপড়। গত ৩০ বছর ধরে খোলা আকাশের নিচে ঐ ভ্যানের ওপরই ঘুমাতেন তিনি। পাশাপাশি বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে উপার্জন করা সামান্য আয়ে পেটেভাতে দিন কাটত তার। গত বুধবার রাতেও ভ্যানে পানি নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে বাসচাপায় থেমে যায় তার ৩০ বছরের ভ্যানেবন্দি জীবন।

গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর মতিঝিল ওয়াপদা বিল্ডিংয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত হিরু মিয়া ৩০ বছর ধরে মতিঝিল সেনাকল্যাণ ভবনের পাশের পানির পাম্পে থাকেন। তার ঘরবাড়ি, পরিবার পরিজন কিছু নেই। ভ্যানের ওপরই ঘুমাতেন। পাশাপাশি ভ্যানে করে বিভিন্ন দোকানে পানি সরবরাহ করতেন।

বুধবার রাতেও ভ্যানে পানি নিয়ে যাওয়ার সময় একটি বাস পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘাতক বাস ও এর চালককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

ইত্তেফাক/এমআর