বধূ নির্বাচন

রেবেকা ইসলাম

 

অনেক আশায় বধূটিকে করেছিলাম নির্বাচন

দৃষ্টি হবে অবনত কোমলমতি ধীর বাচন

রাত পোহালেই খুলবে আঁখি যেন ধরার পক্ষীও

বলার আগেই কর্ম হাসিল এমনি হবে লক্ষ্মীও।

 

ভোরের বেলা তৈরি হবে নানান রকম নাস্তা রোজ

রুটি ভাজি পরোটা ডিম কিংবা নুডলস পাস্তা ভোজ

সাতটা চড়েও রা হবে না যেন বধির কালা সে

আমার বিহন ক্ষণ যাবে তার সুখের স্মৃতি তালাশে।

 

মান অভিমান কাটবে বধূর চোখের জলে অনাহারে

আমার কেবল জ্বরের তাপেও করবে মেয়ের মন আহা রে!

ইচ্ছে ছিল সাধ পুরোলে হব বধূর দাস, তবে...

এখন আশায় গুড়ে বালি উল্টো হলো বাস্তবে।

নিকেতন, গুলশান-১, ঢাকা